ছাত্রশিবিরের ১৩ জন নেতা-কর্মী আটক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের একটি দোকানে গোপন বৈঠকের সময় ইসলামী ছাত্রশিবিরের ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় কুড়িগ্রামে আনা হয়।
কচাকাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনা করতেই তাঁরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা হলেন কচাকাটা ইউনিয়ন শাখার সভাপতি আলেপ উদ্দিন (১৯), কচাকাটা থানা শাখার সাধারণ সম্পাদক শাহিন আলম (১৮), অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম (১৮), কচাকাটা দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি আবু রায়হান কবির (২০) প্রমুখ।
তবে কচাকাটা থানা শিবিরের সাবেক সভাপতি আবদুল বাতেন অভিযোগ করেছেন, বিনা কারণে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের কাছ থেকে বেশ কিছু মুঠোফোন, চাঁদা আদায়ের রসিদ, সিডি জব্দ করা হয়েছে।