ছাত্রসমাজের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রসমাজের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আলী মিয়াকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তৌহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ইসমত আলী, আবদুল আলীম, ইমরান মিয়া ও ইমন মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা সবাই সরাইল ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের কর্মী। অন্যদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সরাইল ডিগ্রি কলেজ চত্বরে উপজেলা ছাত্রসমাজের সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে কলেজ শাখা ছাত্রসমাজের সম্মেলন চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ শাখার সভাপতি প্রার্থী মামুন মিয়া বক্তব্য দেওয়ার সময় তাঁর সমর্থকদের সঙ্গে অপর সভাপতি প্রার্থী ফারুক মিয়ার সমর্থকেরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একটার দিকে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ তিনটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মজিদ বক্স বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে এ ঘটনা ঘটেছে। নিজেরা তা মীমাংসা করে নেব। এ ঘটনায় মামলা করব না।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।