ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধার, আটক ৬
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের একটি ছাত্রাবাসে গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছয় বহিরাগতকে আটক করা হয়। গতকাল রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৮৯টি গুলি, থ্রি নট থ্রি রাইফেলের তিনটি গুলি, একটি পাইপগান, শটগানের চারটি কার্তুজ ও কার্তুজের দুটি খোসা, একটি খেলনা পিস্তল, দুটি চায়নিজ কুড়াল, পাঁচটি ছোরা ও দুটি ধারালো চাকু। এ ছাড়া ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, শনিবার দিবাগত রাত দুইটা থেকে গতকাল রোববার ভোর পাঁচটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় কলেজ ছাত্রাবাসের দ্বিতীয় তলার ২০৫ নম্বর ও তৃতীয় তলার ৪০৮ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। ২০৫ নম্বর কক্ষটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ব্যবহার করতেন। আর ৪০৮ নম্বর কক্ষটিতে থাকতেন ছাত্রলীগের আরও কিছু নেতা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে ছিলেন। দুটি কক্ষই তালাবদ্ধ ছিল। কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢোকা হয়। এ সময় বহিরাগত ও ছাত্রাবাসটিতে থাকার অনুমতি নেই—এমন ছয়জনকে পাশের কক্ষ থেকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবিড় আহম্মেদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।
কলেজের অধ্যক্ষ এস এম মাহফুজুল হক বলেন, ‘পুলিশ আমাদের সঙ্গে কথা বলেই অভিযান চালিয়েছে। আগ্নেয়াস্ত্র ও মাদক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।’