ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের সোনাদীঘি মোড় এলাকায় অবস্থিত একটি ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে এস এস ছাত্রাবাসের ছয় তলার একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রের নাম মনিরুল ইসলাম মনির (২২)। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম।

পুলিশ ও ছাত্রাবাস সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম এস এস ছাত্রাবাসের ছয় তলায় ৬০৪ নম্বর কক্ষে থাকতেন। গতকাল বিকেলে নিজের কক্ষের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও দরজা না খুললে পাশের কক্ষগুলোতে থাকা অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে রাত ৯টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অনেক ডাকাডাকি করলেও মনির দরজা খোলেনি। অবশেষে নাটোরে মনিরের বাবা-মাকে খবর দেওয়া হয়। পরে রাত ১টার দিকে মনিরের বাবা-মা এলে তাঁদের সামনেই দরজা খোলা হয়। ঘরে মনির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, মনিরুল বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। বাবা গরিব কৃষক। সর্বশেষ সন্ধ্যার দিকে বাবার সঙ্গে মোবাইলে কথাও বলেছিল। টাকার দরকার বলে কিছু টাকাও চেয়েছিল। বেশি টাকা চাওয়ায় বাবা তাকে ধমক দিয়েছিল। ওসি বলেন, মনিরুল আত্মহত্যা করেছে এটা নিশ্চিত। তবে কেন করেছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।