ছাত্রাবাসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজের জিয়া ছাত্রাবাসে চোর সন্দেহে সাব্বির হোসেন (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দুপুরে সাব্বিরকে পিটিয়ে জখম করা হয়। রাতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাব্বিরের চাচা আবুল কাশেম কোতোয়ালি থানায় মামলা করেছেন।
ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরের উত্তম মধ্যপাড়া এলাকার হতদরিদ্র হাশেম মিয়ার ছেলে সাব্বির বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে নগরের হেলিপ্যাড এলাকায় জিয়া ছাত্রাবাসে যান। তখন তাঁকে চোর সন্দেহে মারধর করেন ছাত্রাবাসের শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে সাব্বিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় মামলা হলেও নির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। এতে অজ্ঞাতনামা শিক্ষার্থীদের মারপিটে নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, বেশ কিছুদিন থেকে ওই ছাত্রাবাসের টেলিভিশনসহ শিক্ষার্থীদের জামাকাপড় চুরি হচ্ছিল। চোর সন্দেহে ছেলেটিকে মারপিট করা হয়েছে।