ছাত্রাবাসে শিক্ষার্থীকে আটকে মুক্তিপণ দাবি, আটক ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রকে ছাত্রাবাসে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে ওই ইনস্টিটিউটের ছাত্র আসাদুজ্জামান ও তাঁর ২৪ সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় শিক্ষার্থী দ্বীপ কুমার পালকেও পুলিশ উদ্ধার করেছে।
গতকাল বুধবার বেলা দুইটার দিকে ইনস্টিটিউটের ছাত্রাবাসের ৫০১ নম্বর কক্ষ থেকে দ্বীপকে উদ্ধার করার সময় সেখান থেকে ছোরা, চাকু, প্লাস ও স্কচটেপ উদ্ধার করা হয়।
দ্বীপ কুমার পাল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঘুনাবাড়ি গ্রামের কেশব পালের ছেলে ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অন্যদিকে আটক আসাদুজ্জামান একই ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি ভোলা।
দ্বীপ কুমার জানান, গতকাল ভোর পাঁচটার দিকে তিনি ঢাকা থেকে বাসযোগে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নামেন। এরপর আসাদুজ্জামানের সঙ্গে দেখা হয়। এ সময় আসাদুজ্জামান পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রেজা হত্যায় তিনি (দ্বীপ) জড়িত—এমন কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আসাদুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা চার-পাঁচজন দ্বীপকে ধরে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের ৫০১ নম্বর কক্ষে নিয়ে আটকে রাখেন।
একপর্যায়ে দ্বীপকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখানো হয়। পরে আসাদুজ্জামান দুজনকে পাহারায় রেখে বাইরে গেলে দ্বীপ ঢাকায় তাঁর বড় ভাইকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানান। দ্বীপের বড় ভাই বিষয়টি বরিশাল কোতোয়ালি মডেল থানায় জানালে পুলিশ বেলা দুইটার দিকে ছাত্রাবাসের ওই কক্ষে অভিযান চালিয়ে দ্বীপকে উদ্ধার করে। এ সময় সেখান থেকে আসাদুজ্জামান ও তাঁর দুই সহযোগীকে আটক করা হয়। তাঁদের নিয়ে আসার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সেখান থেকে আরও ২২ জনকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ খবর পেয়ে দ্বীপ কুমার পালকে উদ্ধার এবং আসাদুজ্জামান ও তাঁর দুই সহযোগীকে আটক করে নিয়ে আসার সময় আসাদুজ্জামানের সহযোগীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাঁরা সেখান থেকে আরও ২২ জনকে আটক করেছেন। তবে দ্বীপকে আটকে রেখে নির্যাতন করার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের ধরার জন্য পুলিশের দুটি দল মাঠে রয়েছে। আটক ছাত্রদের মধ্যে জিজ্ঞাসাবাদে যাঁরা নিরপরাধ বলে জানা যাবে, তাঁদের ছেড়ে দেওয়া হবে। এ ঘটনায় অপহরণ, চাঁদা দাবি, অস্ত্র রাখা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।