রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আবদুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ছাদ থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ককটেলটি উদ্ধার করে নগরের মতিহার থানা-পুলিশ।
বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবের উদ্বোধনের জন্য আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। এর আগের দিন ককটেল উদ্ধারের ঘটনা ঘটল।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ডরমিটরির নিরাপত্তা প্রহরীরা সকালে ককটেলটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মতিহার থানা-পুলিশের একটি দল ককটেলটি উদ্ধার করে। ওসি বলেন, ‘কবে কে বা কারা এটি রেখেছে তা ধারণা করা যাচ্ছে না। কেউ আতঙ্ক সৃষ্টির জন্য রাখতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক ফজলুল করিম বলেন, সকালে ডরমিটরির একজন নিরাপত্তা প্রহরী ককটেলটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেটি নিয়ে গেছে। এ ঘটনার পর ডরমিটরির নিরাপত্তা বাড়ানো হয়েছে।