ছাত্রী অপহরণ মামলায় সাবেক মেয়র গ্রেপ্তার
স্কুলছাত্রী অপহরণ মামলায় ফরিদপুরের বোয়ালমারীতে ছোট ভাইসহ পৌরসভার সাবেক মেয়র আবদুস শুকুর শেখকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল আটটার দিকে ছোলনা মহল্লার মেয়রের নিজ বাড়ি থেকে শুকুর শেখকে গ্রেপ্তার করা হয়।
গত ৬ অক্টোবর মেয়রের ছোট ছেলে জসিম শেখ (২৬) উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা গ্রামের বাসিন্দা ১৭ বছরের এক কলেজছাত্রীকে অপহরণ করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত ১৩ অক্টোবর মেয়র শুকুর শেখ, মেয়রের ছোট ভাই শেখ সেলিমুজ্জামান (৪০) ও মেয়রের ছেলে জসিম শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার পর শুকুর শেখ ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। হাইকোর্ট শুকুর শেখকে ২৬ ডিসেম্বরের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু মেয়র নিম্ন আদালতে হাজির হননি।
বোয়ালমারী থানার এসআই শহিদুল ইসলাম বলেন, মেয়র শুকুর শেখ দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল সকাল আটটার দিকে ছোলনা মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকালই তাঁকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।