ছাত্রী উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে মার্কেটিং চূড়ান্ত পর্বের শিক্ষার্থী তাওহিদ খান আহত হয়েছেন। তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় বাসে ওঠার সময় এ ঘটনা ঘটে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. শাহীন, আমিনা বেগমসহ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, গতকাল সকালে বরিশাল নগর থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে যাওয়ার সময় উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্বাস উদ্দিন মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। এ ঘটনা নিয়ে মার্কেটিং বিভাগ এবং উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সেখান থেকে শিক্ষকদের সহযোগিতায় মুক্ত হন তাঁরা। এরপর বিকেলে বাসে উঠতে গেলে উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আবার মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ ঘটনায় কয়েকজন আহত হন।