রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্ত করার মামলার প্রধান আসামি ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক শাওন আহমেদকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ছাত্রী উত্ত্যক্ত করা ও প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ছা্ত্রী উত্ত্যক্ত করার ঘটনায় ছাত্রলীগের অন্য তিন নেতাকে জড়ানো ও তাঁদের মামলার আসামি করে হয়রানি করার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে অভিযুক্ত তিন আসামি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান ও সহসভাপতি আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সংগঠনের দুই নেতা আহত হন। এদিকে উত্ত্যক্তকরণের শিকার শিক্ষার্থী গত মঙ্গলবার কোতোয়ালি থানায় একটি মামলা করেন। সেই মামলায় গতকাল ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হলো।