ছাত্রী উত্ত্যক্তের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি হয়েছে। এ সময় ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে আটক করে পুলিশ। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ ও কর্মী মাহবুবুল ইসলাম।
একাধিক সূত্র জানায়, রাসেল ও তাঁর কয়েকজন বন্ধু মিলে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই দুই ছাত্রী বিষয়টি তাঁদের পূর্বপরিচিত হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজকে জানান। পরে মাসুদ কয়েকজন নেতা-কর্মী নিয়ে গ্রন্থাগারের সামনে রাসেলের কাছে ঘটনার কারণ জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী রাসেল ও মাহবুবুলকে ডেকে এনে পুলিশে ধরিয়ে দেন। এ সময় তাঁদের ব্যবহৃত নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সন্ধ্যায় এসএম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল ইসলাম মোটরসাইকেলটি নিজের দাবি করে ছাড়িয়ে নেন।