ছাত্রী উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে আহত
ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় মিজানুর রহমান নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল রোববার পটুয়াখালীর বদরপুর ইউনিয়নের বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই শিক্ষককে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার ঘটনার বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে এবং অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিজানুর রহমান বলেন, স্থানীয় কয়েকজন বখাটে বিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। গত শনিবার সকালে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে কক্ষের পেছনের ভাঙা জানালা দিয়ে স্থানীয় বখাটে সোহেল মোল্লাসহ কয়েকজন বখাটে ছাত্রীদের গায়ে ঢিল ছুড়ে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি নজরে এলে তিনি এর প্রতিবাদ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বখাটেদের চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে সোহেল গতকাল সকালে দলবল নিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা বিদ্যালয়ের প্রবেশমুখে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটাতে থাকে। তাঁর চিৎকাের অন্য শিক্ষকেরা এলে বখাটেরা পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরোদ লাল বৈদ্য বলেন, ‘আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’ সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।