ছাত্রী উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই শিক্ষক লাঞ্ছিত
ফেনীর পরশুরামে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় বাধা দেওয়ায় গতকাল শনিবার দুই শিক্ষককে লাঞ্ছিত করেছে বখাটেরা।
প্রত্যক্ষদর্শী ও লাঞ্ছনার শিকার শিক্ষকেরা জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটে যুবক পরশুরাম উপজেলার মির্জানগর তৌহিদ একাডেমির ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের
দুই শিক্ষক মো. কামরুল ইসলাম ও মো. মাসুদ বখাটেদের বাধা দেন ও ছাত্রীদের উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত
হয়ে তাঁদের দেখে নেওয়ারও হুমকি দেয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ওই দুই শিক্ষক চা পানের জন্য বিদ্যালয় থেকে পাশের বাজারে যান। চা দোকানে বসার পর ছয়-সাতজন বখাটে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। বাজারের ব্যবসায়ীসহ অন্যান্য লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। দুই শিক্ষককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।