ছাত্রী উত্ত্যক্তের দায়ে বখাটের তিন মাসের কারাদণ্ড
নেত্রকোনার মদন পৌর এলাকায় ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় শফিকুল হক (১৮) নামের এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পৌর এলাকার পশ্চিম জাহাঙ্গীরপুর এলাকার বাসিন্দা বখাটে শফিকুল হক স্থানীয় টি আমিন পাইলট উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। আজ সকালে শফিকুল অভিভাবক সেজে বিদ্যালয়ের প্রাঙ্গণে ঢুকে ছাত্রীটিকে আবারও উত্ত্যক্ত করে। একপর্যায়ে ওই ছাত্রী অভিযোগ করলে বিদ্যালয়ের শিক্ষকেরা তরুণকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খুরশীদ শাহরিয়রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শফিকুল হককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, সাজা পাওয়া বখাটেকে বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।