ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় অধ্যক্ষ ও কর্মচারী ছুরিকাহত

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার ঘটনায় হবিগঞ্জের নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও কর্মচারী ফয়জুর রহমানকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবীর (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অধ্যক্ষ ও কর্মচারী এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতকের এক ছাত্রী গতকাল সোমবার সকাল নয়টায় বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে দিপন আহমেদ ওরফে মুন্না (১৮) নামের এক তরুণ মুঠোফোনে ওই ছাত্রীর ছবি তোলেন। এতে ওই ছাত্রী শঙ্কিত হয়ে পড়েন। তিনি কলেজে গিয়ে বিষয়টি তাঁর অধ্যক্ষ গোলাম হোসেন আজাদকে জানান। পরে অধ্যক্ষ উত্ত্যক্তকারী তরুণের বাবাকে বিষয়টি জানান। এতে দিপন আহমেদ ক্ষিপ্ত হন। এর জেরে আজ মঙ্গলবার দুপুরে দিপন আহমেদ তাঁর সহযোগী হুমায়ুন কবীরকে নিয়ে নবীগঞ্জ ডিগ্রি কলেজে যান। সেখানে তাঁরা অভিযোগকারী ওই ছাত্রীকে খুঁজতে থাকেন। বিষয়টি কলেজের এক কর্মচারীর নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে অধ্যক্ষকে জানান। পরে অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ বহিরাগত ওই দুই তরুণের কাছে কলেজে আসার কারণ জানতে চাইলে দিপন আহমেদ ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি অধ্যক্ষকে ছুরিকাঘাত করেন। এতে তাঁর গলা কেটে রক্তক্ষরণ হয়। এ সময় কলেজের কর্মচারী ফয়জুর অধ্যক্ষকে রক্ষা করতে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় অধ্যক্ষ এবং ওই কর্মচারীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার প্রতিবাদে দুপুরে কলেজের শিক্ষার্থীরা নবীগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ ও অবরোধ করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান ঘটনাস্থল গিয়ে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
ওসি এস এম আতাউর রহমান প্রথম আলোকে বলেন, কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তাঁর গলায় রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে আসামি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত দিপন আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।