ছাত্রী গণধর্ষণের ঘটনায় মামলা আসামি ৪
গাজীপুরের কালীগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় তার প্রেমিক ও প্রেমিকের তিন বন্ধুকে আসামি করে মামলা করা হয়েছে। গত সোমবার রাতে কালীগঞ্জ থানায় মামলাটি করেন মেয়েটির বাবা।
আসামিরা হলেন স্কুলছাত্রীর কথিত প্রেমিক মতিউর রহমান (২৫), তাঁর বন্ধু মাসুদ (২২), নজরুল (৩০) ও আরিফ হোসেন (২৫)। তবে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালেহ আহমেদ ও কালীগঞ্জ থানার ওসি মুস্তাফিজুর রহমান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তাদের অভিযান অব্যাহত রেখেছে।
গত রোববার বিকেলে ওই ছাত্রীকে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মতিউর। তিনি মেয়েটিকে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কালভার্টের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে চারজন মিলে তাকে ধর্ষণ করেন।