ছাত্রী ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে এ দুজনের বিরুদ্ধে ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমান গনি (২০) ও রবিউল মিজি (১৮)।
মেয়েটির পরিবার জানায়, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষে অধ্যয়নরত। আসামি ওসমান গনি মেয়েটির প্রতিবেশী। তিন বছর ধরে ওসমান মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছেন। এ ঘটনায় এলাকায় তিনবার সালিস বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে ওসমান গনি আর উত্ত্যক্ত করবেন না বলে মুচলেকা দেন। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওসমান গনি ও রবিউল তাকে জোর করে দক্ষিণ পাশের খোলা মাঠে নিয়ে যায়। সেখান ওসমান তাকে ধর্ষণ করেন। এ ঘটনার খবর পেয়ে আজ দুপুর দেড়টার দিকে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক বিপ্লব কুমার সিংহ ওই দুজনকে আটক করেন।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, কলেজছাত্রীর মায়ের করা মামলায় ওসমান ও রবিউলকে গ্রেপ্তার দেখানো হয়। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।