ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ছাত্রীর বাবা বলেন, যাতায়াতের সুবিধার কারণে তাঁর মেয়ে নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। গত বুধবার দুপুরে মাদ্রাসা ছুটির পর সে একা হেঁটে নানার বাড়ি ফিরছিল। এ সময় তার সঙ্গে পূর্বপরিচিত পিকআপভ্যান চালক মারুকুলের সঙ্গে দেখা হয়। ওই চালক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার সঙ্গে দুজন সহযোগী ছিল। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং তাঁকে খবর দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বাবা বাদী হয়ে মারুকুলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মারুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুকুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।