ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের এক শিক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় বাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে। আজ রোববার বিকেলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে আজ রোববার ওই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়ার ওই শিক্ষক স্কুলের কাছেই একটি কোচিং সেন্টার গড়ে তোলেন। ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গত শনিবার বিকেলে কোচিং সেন্টারে পড়তে যায়। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলে ওই ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে পাশের রুমে ধর্ষণ করে ওই শিক্ষক। কোচিং সেন্টারের ভবন মালিক সোহেল কাজী ও তাঁর বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিক্ষককে আটক করে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানান এবং ঘরের চাবি রেখে চড়-থাপ্পড় দিয়ে তাঁকে ছেড়ে দেন। বাড়ি ফিরে ওই ছাত্রী পরিবারকে বিষয়টি জানায়। এ নিয়ে স্থানীয় কয়েকজন রাতেই আপস মীমাংসার চেষ্টা চালায়। পরে ঘটনাটির কথা আজ সকালে স্কুলে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ও ওই শিক্ষকের বিচারের দাবিতে ছাত্রীরা ক্লাস বর্জন করে।

আজ ওই শিক্ষার্থী স্কুলে না গেলেও ওই শিক্ষক যান। পরে বিকেলে পুলিশ স্কুল থেকে ওই শিক্ষককে আটক করে থানা নিয়ে যায়। বিকেলে ওই ছাত্রীকে বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আগামীকাল সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।