রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক ঘটনায় সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী।
ছাত্রী ধর্ষণের ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে। জানা গেছে, ওই শিক্ষক তিতুমীর কলেজের ছাত্র। তিনি স্থানীয় একটি স্কুলে শিক্ষকতাও করেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। মামলাটি তদন্ত করছেন পল্লবী থানার উপপরিদর্শক মণি আরা। রিমান্ড আবেদন করেছিলেন কি না এমন প্রশ্নে একেকবার একেক রকম কথা বলেন তিনি।
ঘটনার শিকার মেয়েটির বাবাও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মামলার এজাহারে মেয়েটির বাবা বলেন, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে পল্লবী এলাকার একটি স্কুলে মেয়েটি ধর্ষণের শিকার হয়। স্কুলের একজন সহকারী শিক্ষক কয়েক দিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার বিকেলে মেয়ে স্কুলে কোচিং করার জন্য যায়। কোচিং শেষে রাত আটটার দিকে মেয়ে অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে বাসায় আসার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই শিক্ষক নোট দেওয়ার কথা বলে তাকে থাকতে বলেন। শিক্ষকের কথামতো রাত সাড়ে আটটার দিকে মেয়ে অফিসকক্ষে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
পল্লবী থানার পুলিশ জানায়, ঘটনার সময় মেয়েটি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কদমতলীতে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর কদমতলী থানায় সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী। বিবাহিত ও দুই সন্তানের জনক ওই অভিনেতা বৈবাহিক অবস্থা গোপন রেখে তাঁকে ধর্ষণ করেন ও ব্যক্তিগত ছবি ধারণ করে অভিনেত্রীর আত্মীয়স্বজনকে পাঠান বলে মামলায় অভিযোগ করা হয়।