ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
ফরিদপুরের সদরপুর উপজেলায় আকোটেরচর ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসী অংশ নেয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে আকোটেরচর ইউনিয়নের দোপ আকোট গ্রামের অভিযুক্ত তিন ধর্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিক্ষোভকারীরা ফিরে এসে বিদ্যালয়ের সামনে সদরপুর-মণিকোঠা সড়কে মানববন্ধন করে।
এই কর্মসূচিতে ওই বিদ্যালয়সহ পাশের বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসীসহ পাঁচ শতাধিক লোক অংশ নেয়। মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। বক্তারা অবিলম্বে ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
সমাবেশে তিন দিনের মধ্যে ধর্ষকদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধান শিক্ষক বলেন, ‘আজ থেকে বিদ্যালয় তিন দিনের জন্য ক্লাস বর্জন করা হলো। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হলে ক্লাস চালু হবে। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।’
গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে আকোটেরচর ইউনিয়নের দোপ আকোট গ্রামের তিন তরুণ ধর্ষণ করেন।
গতকাল শনিবার প্রথম আলোয় ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।