ছাত্রী নির্যাতনের অভিযোগ, ৫ পুলিশ ক্লোজড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই নারী কনস্টেবলসহ পাঁচজনকে ক্লোজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সুপারের দপ্তর থেকে এই আদেশ দেওয়া হয়েছে।

ক্লোজ হওয়া পুলিশের সদস্যরা হলেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক, উপপরিদর্শক (এসআই) আশফাকুর রহমান এবং কনস্টেবেল রনি খাতুন ও সীমা খাতুন। সবাইকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে আনা হয়েছে।

সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, এ বিষয়ে পরে তদন্ত কমিটি গঠন করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কাজীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

কাজীপুর উপজেলার আলমপুর গ্রামের গৃহবধূ আছিয়া খাতুন হত্যার ঘটনায় কাজীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ২১ জানুয়ারি পুলিশ গ্রেপ্তার করে। তাকে ছয় দিন থানা হাজতে আটকে রেখে নির্যাতন চালায় পুলিশ। ২৭ জানুয়ারি তাঁকে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় ওই ছাত্রী ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তার ওপর নির্যাতনের বর্ণনা দেয়। পরে আদালতের বিচারক নির্যাতনের শিকার ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন। সিভিল সার্জনের দায়ের করা প্রতিবেদনে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে জখমের বিষয়টি উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ এ পাঁচ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ক্লোজ করা হয়।