ছাত্রী পেটানোর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাঁচ ছাত্রীকে বেত দিয়ে পেটানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যবস্থাপনা কমিটি তাঁকে সাময়িক বরখাস্ত করে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম মোহাম্মদ আলী। তিনি উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের কলাকান্দির এইচ কে আসমাতুননেছা উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক। ছাত্রীকে পেটানোর ঘটনা তদন্ত করতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান উল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ছাত্রী পেটানোর ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার এইচ কে আসমাতুননেছা উচ্চবিদ্যালয়ে পড়া না পারায় অষ্টম শ্রেণির পাঁচ ছাত্রীর দুই হাতে বেত দিয়ে আঘাত করেন শিক্ষক মোহাম্মদ আলী। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে ‘পাঁচ ছাত্রীকে পেটালেন শিক্ষক, দুজন হাসপাতালে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।