ছাত্রী ভর্তি করাতে প্রধানমন্ত্রীর সই জাল
ছাত্রী ভর্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে প্রধানমন্ত্রীর সই করা ‘আদেশপত্র’ পেয়ে খুবই অবাক হয়েছিলেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামালউদ্দীন আহমেদ। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোঁজ নিয়ে তিনি নিশ্চিত হন যে চিঠির প্যাড, সই সবই জাল। এরপর গতকাল রোববার দুপুরে সেই সই জাল করা নারী বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গণভবনের (প্রধানমন্ত্রীর বাসভবন) বাবুর্চি পরিচয়ধারী হাসিনা বেগম নামের মধ্যবয়সী ওই নারীকে গতকাল দুপুরে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই নারীর কাছে গণভবনের বাবুর্চির একটি পরিচয়পত্র পাওয়া গেছে। ওই নারী দুই দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া প্যাডে তাঁর প্রটোকল কর্মকর্তা মনজিলা ফারুকের নামে ও পরে খোদ প্রধানমন্ত্রীর নামেই ছাত্রী ভর্তির জন্য চিঠি দেন।
উপাচার্যের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই মর্মে জানাইতেছি যে ফাহিম জামান দৃষ্টি ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে। ... ওপরে বর্ণিত ফাহিম জামান দৃষ্টি আমার সু-পরিচিত এবং নিকটাত্মীয়। তিনি যথেষ্ট মেধাবী এবং পরিশ্রমী। এমতাবস্থায় তিনি যেনো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে মঙ্গল বয়ে আনতে পারে তার জন্য আদেশ প্রদান করা হলো।’
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কামালউদ্দীন প্রথম আলোকে বলেন, গত বছরের ৯ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষা ছাড়া অন্য কোনোভাবে বা বিশেষ কোটায় এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ নেই। এ তথ্য সবাই জানেন। বঙ্গবন্ধুর কন্যা একজন ছাত্রী ভর্তির জন্য ভিসিকে চিঠি দেবেন, সেটা অবিশ্বাস্য মনে হয়েছে।
উপাচার্য বলেন, ‘আমি তো প্রথমে অবাক হয়েছি। অনেক ত্রুটিসহ চিঠির এ রকম ভাষায় আমার সন্দেহ হয়েছে। এরপর যখন প্রধানমন্ত্রীর নামে ফ্যাক্সে চিঠি এল, তখন তো মনে হলো বিষয়টি সেনসিটিভ, ভালো করে খোঁজ নেওয়া উচিত। এর মাঝে ওই নারী প্রায়ই ফোন দিয়ে দ্রুত ভর্তি করাতে বলেন। তাঁকে উপাচার্যের ব্যস্ততার কথা বলা হয়। এর মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হই যে এসবই ভুয়া। এরপর গতকাল দুপুরে ওই নারী কার্যালয়ে এলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই নারী নিজেকে গণভবনের বাবুর্চি পরিচয় দিয়েছেন। তাঁর কাছে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে গণভবনের কর্মীদের যে রকম আরও কয়েকটি নিরাপত্তা পাস থাকে, এসব কিছুই তাঁর কাছে পাওয়া যায়নি। তিনি আসলে কে, কী করেন—এসব কিছু তাঁর কাছে জানার চেষ্টা চলছে।