ছাত্রী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের এক বিদেশি ছাত্রীকে লাঞ্ছিত করেছেন ওই কলেজেরই কয়েকজন ছাত্র। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে নিয়ে যায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোর কাছে ওই দুই ছাত্রকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেন। ঘটনার ব্যাপারে ওসি জানান, গত বুধবার সকালে কলেজসংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রীকে কয়েকজন ছাত্র জোর করে ধরে প্রাইভেট কারে করে কিছু দূরে নিয়ে যান। ওই সময় ছাত্রীটি হিজাব পরা অবস্থায় ছিলেন। ছাত্ররা হিজাব খুলে দেখেন, তাঁরা যে ছাত্রীকে খুঁজছেন তিনি সেই ছাত্রী নন। পরে তাঁকে ছেড়ে দেন ওই ছাত্ররা। ওসি জানান, ঘটনার বিষয়টি ওই ছাত্রী কলেজের এক শিক্ষককে জানিয়েছেন। ঘটনাটি তখন কলেজের শৃঙ্খলা কমিটি জানতে পারে। কমিটির পক্ষ থেকে থানায় এ বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে ওই দুই ছাত্রকে নিয়ে আসা হয়েছে। কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক গতকাল রাতে প্রথম আলোকে জানান, ওই ছাত্রীকে ছাত্ররা নির্যাতন করেছে। ছাত্রীকে কলেজের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর কলেজের বিদেশি শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।