ছাত্রী শ্লীলতাহানির মামলায় আ.লীগ নেতার নামে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় সবুজবাগের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার ১০ দিনের মাথায় গত ২৯ মার্চ তাঁর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) জমা দেয় সবুজবাগ থানার পুলিশ। অভিযুক্ত আসামি সবুজবাগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এই আসামি স্কুলটির গভর্নিং বডির সদস্য। বর্তমানে তিনি কারাগারে আছেন।

শ্লীলতাহানির শিকার ছাত্রীটি রাজধানীর সবুজবাগ এলাকার একটি স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির করার অভিযোগে সবুজবাগের ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে তিনি অভিযোগপত্র জমা দিয়েছেন। আলামত হিসেবে মামলা সম্পর্কিত একটি ভিডিও আদালতে জমা দিয়েছেন।

আদালত সূত্র নিশ্চিত করেছে, শ্লীলতাহানির মামলায় এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালতে উপস্থাপন করা হয়। শিগগিরই মামলাটি বিচারের জন্য ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করা হবে।

১৮ মার্চ দায়ের করা মামলার এজাহারে শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী বলেছে, গত ১৩ মার্চ ওই ছাত্রী স্কুলে নিজের শ্রেণিকক্ষে ছিল। সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের এক নারী কর্মী তাকে বলেন, আসামি তাকে ডেকেছেন। পরে ওই ছাত্রী অধ্যক্ষের কক্ষের সামনে দেখা করেন। তখন আসামি ওই ছাত্রীকে বলেন, তিনি তাকে পরীক্ষার সাজেশন দেবেন। স্কুলটির পাশে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে ডেকে নিয়ে যান। সাজেশন দিতে থাকলে ওই ছাত্রী তা নিজের খাতায় লিখতে থাকেন। একপর্যায়ে ওই নেতা শ্লীলতাহানি শুরু করলে ওই ছাত্রী চিৎকার দিয়ে বের হয়ে যায়।

ওই ছাত্রীর মা মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর থেকে তাঁর মেয়ে আর স্কুলে যাচ্ছে না। মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি আসামির শাস্তি চান। দ্রুত বিচারের দাবি জানান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, তিনি ওই ছাত্রীর খোঁজখবর নিচ্ছেন।

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান বলেছেন, ওই দিন অভিযুক্ত আসামি ওই ছাত্রীকে ডেকে যান তাঁর প্রমাণ ওই ভিডিও। ভিডিওটির জব্দ তালিকার সাক্ষী ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
আসামি আদালতে জামিন আবেদনে বলেছেন, তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে লেখাপড়া করছেন। পুলিশ সূত্র নিশ্চিত করেছে, সবুজবাগের স্থানীয় এই আওয়ামী লীগ নেতা বিবাহিত। তিনি ব্যবসায়ী।