ছাত্রী শ্লীলতাহানির মামলায় এসআই রতন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলী এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার এসআই রতন কুমার হালদার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দীন তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন কুমার হালদার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। পরদিন ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করেন। তখন আদালত মামলা আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ১৬ ফেব্রুয়ারি এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত মাসে পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নিপীড়নের অভিযোগ ওঠে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি মিরপুরে চা-দোকানি বাবুল মাতবরকে পুড়িয়ে মারার ঘটনায় শাহ আলী থানার তৎকালীন ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পায় পুলিশেরই গঠিত দুটি তদন্ত কমিটি।