ছাত্রী সংস্থা ও হিযবুতে জড়িত সন্দেহে চার ছাত্রী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রী সংস্থা ও হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল থেকে চার ছাত্রীকে বের করে দিয়েছে হল প্রশাসন। তবে ওই ছাত্রীদের কে কোন সংগঠনে যুক্ত, তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এঁরা ইংরেজি, পালি ও সংস্কৃত, বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী।
হল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, হিযবুত তাহ্রীর অথবা জামায়াতে ইসলামীর ছাত্রীসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত সন্দেহে ওই হলের ছাত্রলীগের নেত্রীরা চার ছাত্রীকে আটক করেন। পরে তাঁদের হল প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
হল শাখা ছাত্রলীগের একটি সূত্র জানায়, সম্প্রতি হলের নামাজঘরে ২০-৩০টি ধর্মীয় পুস্তিকা পাওয়া যায়। এর পর থেকে তাঁরা নামাজঘরে নজর রাখছিলেন। গতকাল গভীর রাতে তিনজন ‘তাহাজ্জুত’ নামাজ পড়তে নামাজঘরে গেলে তাঁদের আটক করেন ছাত্রলীগের নেত্রীরা। পরে তাঁদের একটি কক্ষে নিয়ে গিয়ে মারধর করা হয়। এঁদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিকেলে আরেক ছাত্রীকে আটক করা হয়।
তবে ছাত্রলীগ আটক করেছে—এ কথা স্বীকার করেননি প্রাধ্যক্ষ অধ্যাপক সাজেদা বানু। তিনি গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, ‘হিযবুত তাহ্রীর ও ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত থাকায় হলের মেয়েরা ওই ছাত্রীদের আটক করেছে। তাই তাদের হলের আসন বাতিল করা হবে।’ পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ভোরে আটক তিনজনের কক্ষ তল্লাশি করে ৩০-৪০টি ‘ইসলামি বই’ পাওয়া গেছে। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে আরেক ছাত্রীকে আটক করা হয়। তাঁদের চারজনকে হল থেকে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাডেমিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।