ছাত্রীকে অপহরণ অভিযোগ করায় বাবা মাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি এসএসসি পরীক্ষার্থী। প্রাইভেট পড়তে যাওয়ার সময় পাশের গ্রামের কয়েকজন বখাটে তাকে অপহরণ করে। মেয়েটি মুক্ত হয়ে এলে তার পরিবার ওই বখাটেদের বিরুদ্ধে থানায় ও বিদ্যালয়ে অভিযোগ করে। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটির বাবা-মাকে কুপিয়ে আহত করে বখাটেরা।
এখানেই শেষ নয়, বখাটেরা জোর করে তোলা মেয়েটির কিছু ছবি এলাকায় ছড়িয়ে দিয়েছে। বখাটেদের কারণে ওই মেয়ের এসএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও মেয়েটির পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জানুয়ারি বিকেলে মেয়েটি প্রাইভেট পড়তে এক শিক্ষকের কাছে যাচ্ছিল। এ সময় উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বখাটে হোসেন মিয়া (২৫) ও তাঁর দুই সহযোগী মেয়েটিকে অপহরণ করে অটোরিকশায় তুলে নিয়ে যান। হোসেন অটোরিকশাচালক। তিনি মেয়েটিকে নরসিংদীর বেলাব উপজেলার এক বাড়িতে নিয়ে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েটির পাশে বসে জোর করে কিছু ছবি তোলেন হোসেন। মেয়েটি কৌশলে মুঠোফোনে বাবার কাছে ঘটনা জানায়। পরিবারের লোকজন টের পেয়ে গেছে বুঝতে পেরে হোসেন মেয়েটিকে ছেড়ে দেন। তবে সতর্ক করে দেন, এ ব্যাপারে যেন সে মুখ না খোলে। সন্ধ্যার মধ্যে মুক্ত হয়ে আসার পর মেয়েটির বাবা ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানান এবং থানায় অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হন হোসেন। এ অবস্থায় মেয়েটির পরিবারের সদস্যরা গত ২৬ জানুয়ারি হোসেনকে ধরে ছবি ফেরত চান। দিতে না চাইলে আটকে রাখেন। কিছুক্ষণ পর ছেড়ে দেন। পরে গত শনিবার বিকেলে হোসেন লোকজন নিয়ে হামলা চালিয়ে মেয়েটির বাবা-মাকে মাথায় ও শরীরে কুপিয়ে আহত করেন। মা ভৈরব এবং বাবা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মেয়েটি বলে, ‘স্কুলে যাওয়ার সময় হোসেন আমাকে উত্ত্যক্ত করত। বিয়ের প্রস্তাব দিত। অপহরণ করে নিয়ে যাওয়ার পরও বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় কাছে বসে জোর করে ছবি তোলে। এখন মুঠোফোনে ও মানুষের হাতে হাতে ছবি ছড়িয়ে দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।’
হাসপাতালে মেয়েটির বাবা বলেন, ‘হোসেনের ভয়ে আমরার পক্ষে মেয়েরে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হইত না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে গতকাল বিকেলে হোসেন প্রথম আলোকে জানান, মেয়েটির সঙ্গে তাঁর দুই বছরের প্রেমের সম্পর্ক। তিনি মেয়েটিকে অপহরণ করেননি। মেয়েটি স্বেচ্ছায় তাঁর সঙ্গে গিয়েছে। ছবি ছড়িয়ে দেওয়ার বিষয়ে হোসেন বলেন, ‘মেয়েটির পরিবারের লোকজন আটকে রেখে আমাকে অপমান করায় ক্ষোভ থেকে ছবি দেখিয়েছি।’ মেয়েটির বাবা-মাকে কুপিয়ে আহত করার বিষয়ে তিনি জানান, এর পেছনেও কারণ আছে।
কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) অলিউর রহমান জানান, হামলা চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।