ছাত্রীকে অপহরণ চেষ্টাকালে ধরা, গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়ায় দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার সময় তিন অপহরণকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা। এ সময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রংপুর নগরের হনুমানতলার ময়না (৪০), নগরের রাধাবল্লভ এলাকার মামুন (২৫) ও গাড়িচালক রাশেদুল (২৭)।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান বলেন, আজ সকালে ওই ছাত্রী বাসা থেকে বেরিয়ে কোচিং করতে যাচ্ছিল। এ সময় শহরের বেতগাড়ি জিরো পয়েন্টের কাছে ওত পেতে থাকা অপহরণকারীরা তাঁকে জোর করে মাইক্রোবাসে তোলে। এ সময় সে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ধাওয়া করে মাইক্রোবাসটি ধরে ফেলে। এরপর তাঁরা সেটিতে থাকা তিনজনকে ধরে গণপিটুনি দেন এবং মাইক্রোবাসটিতে আগুন দেওয়া হয়। পরে অপহরণকারীদের পুলিশে সোপর্দ করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তার তিনজনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে ওই ছাত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই ছাত্রী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।