ছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার খিলক্ষেত থেকে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা। বগুড়ার ধুনট থানার পুলিশ উপজেলার বেড়েরবাড়ি গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে জনি মিয়া (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
তবে উদ্ধারের পর ওই ছাত্রী (১৭) বলে, ‘আমি স্বেচ্ছায় জনির সঙ্গে এসেছি। আমরা দুজন গত শুক্রবার বগুড়া আদালতের মাধ্যমে বিয়ে করেছি। বর্তমানে আমি শ্বশুরবাড়িতে ঘরসংসার করছি। আমাকে কেউ অপহরণ করেনি। আমার বাবার অভিযোগ সত্য নয়।’
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চানন্দ সরকার বলেন, জনি মিয়াকে গ্রেপ্তার করার জন্য খিলক্ষেত থানা থেকে মামলার নথিপত্র ধুনট থানায় পাঠানো হয়েছে। এর সূত্র ধরে শুক্রবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার ও জনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার বেড়েরবাড়ি গ্রামের জনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করেন। সেই সুবাদে প্রায় এক বছর ধরে ঢাকার খিলক্ষেত এলাকার ডুমনী নয়াপাড়া গ্রামের এক বাসায় জনি মিয়া ভাড়া থাকতেন। জনি ৩ অক্টোবর তাঁর বাসার মালিকের কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ৪ অক্টোবর মেয়ের বাবা খিলক্ষেত থানায় জনি মিয়ার বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন।