সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে রিকশায় মারধর করতে করতে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছিলেন কাওছার আহমেদ নামের এক ব্যক্তি ও তাঁর বোন। ঘটনাটি দেখতে পেয়ে গণিত বিভাগের শিক্ষক সাজেদুল করিম রিকশাটি থামান এবং ছাত্রীকে মারধরের কারণ জানতে চান। কাওছার ও তাঁর বোন বিষয়টি পারিবারিক জানিয়ে ওই শিক্ষককে নাক গলাতে নিষেধ করেন। একপর্যায়ে সাজেদুল করিমসহ আরও কয়েকজন শিক্ষক তাঁদের আটক করে প্রক্টরিয়াল বডি ও পুলিশকে ফোন দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাওছারকে মারধর করেন। পরে কাওছার, তাঁর বোন ও ওই ছাত্রীকে জালালাবাদ থানা-পুলিশ তাদের হেফাজতে নেয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে কাওছার সাংবাদিকদের জানান, ওই ছাত্রীর সঙ্গে তাঁর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি মেয়েটি আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এ বিষয়ে কথা বলতে তিনি তাঁর বোনকে সঙ্গে নিয়ে এসেছেন।
গতকাল রাত নয়টায় মুঠোফোনে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই ছাত্রী মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে মামলা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদার বলেন, ‘ওই ছাত্রীকে হল থেকে কৌশলে বের করে জোর করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল দুজন। পরে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ধরে পুলিশে সোপর্দ করেছে।’