ছাত্রীকে অপহরণের পর ভারতে পাচার করার অভিযোগ
বাংলাদেশের এক কলেজছাত্রীকে অপহরণের পর ভারতে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দেড় মাস পরও মেয়েটির কোনো খোঁজ মেলেনি। ওই ছাত্রীকে উদ্ধারে তাঁর পরিবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ও পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনে আবেদন করেছে।
ওই ছাত্রীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। পরিবার জানায়, গত ২৭ ফেব্রুয়ারি পাত্র দেখিয়ে বাড়িতে দিয়ে যাওয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে যায় আল আমিন (২৮) নামের তাঁর এক আত্মীয়। পরে মেয়েটি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় ৮ মার্চ মেয়েটির বাবা কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর কয়েক দিন পর ভারত থেকে একটি মুঠোফোনে মেয়েটির বাড়িতে ফোন করে জানানো হয়, মেয়েটি ভালো আছেন এবং ঢাকায় আছেন। পরে মেয়েটির বাবা ঢাকায় এক আত্মীয়ের মাধ্যমে মুঠোফোন নম্বরটিতে যোগাযোগ করলে (ভারতের) এক নারী জানান, মেয়েটিকে একটি বাসা থেকে অসহায় অবস্থায় উদ্ধার করেছেন তাঁরা। কলকাতার নন্দীগ্রামে তাঁদের কাছে আছে মেয়েটি। কোনো অভিভাবক এলে তাঁকে তুলে দেওয়া হবে। ৩ এপ্রিল মেয়ের মামা কলকাতায় যান। কিন্তু সংশ্লিষ্ট মুঠোফোন নম্বরটিতে কল করা হলেও সেটি ধরার পর কেউ মেয়েটির ঠিকানা জানাচ্ছেন না।
গত বুধবার ওই ছাত্রীর মামা প্রথম আলোকে জানান, তাঁর ভাগনি কোনো নারী পাচারকারী চক্রের খপ্পরে পড়েছেন। যে নম্বর থেকে কথা হয়েছে সেটি কর্ণাটক কিংবা মুম্বাইয়ের হতে পারে। ভাগনিকে উদ্ধারে তিনি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ও রাজ্য মানবাধিকার কমিশনে আবেদন করেছেন।