ছাত্রীকে অস্ত্রের ভয় দেখাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

উপাচার্যের ছেলেকে শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ওই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ছেলেকে শিক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনরত এক ছাত্রীকে অস্ত্রের মুখে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভয় দেখিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন উপাচার্য মোহীত উল আলমের ছেলে নছিউল ওয়াদুদ আলম। ৪ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অস্থায়ীভাবে এ নিয়োগের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র খবরটি নিশ্চিত করেছে।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, নছিউল ওয়াদুদ প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। স্বজনপ্রীতির কারণেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি নিয়োগ চূড়ান্ত হলেও তাঁর নিয়োগের খবরটি আগেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে গত ৩১ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলন ঠেকাতে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দেন। একপর্যায়ে দুপুরে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইসমত জাহান হিমি নামের এক ছাত্রীকে ক্যাফেটেরিয়ার সামনে ছাত্রলীগের কর্মীরা ঘিরে ধরেন। এ সময় অনেকের হাতে অস্ত্র ছিল। ছাত্রলীগের কর্মীরা ইসমত জাহানকে আন্দোলন থেকে সরে আসার হুমকি দেন। ইসমত জাহান বিশ্ববিদ্যালয়ের দোলন চাঁপা হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নেতাদের নির্দেশ না মেনে আন্দোলন করার কারণে তাঁকে অস্ত্রের ভয় দেখানো হয়েছে।

ইসমত জাহান বলেন, ‘স্বজনপ্রীতির মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একজনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। তাঁদের দাবির সঙ্গে একমত হয়ে আমিও আন্দোলনে যোগ দিই। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল ছাত্রলীগের নেতারা আমাকে অস্ত্রের মুখে ভয় দেখান।’

প্রক্টর জাহীদুল কবীর বলেন, ‘ইসমত জাহান ও ছাত্রলীগের কর্মীরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পরে আমরা ইসমত জাহানকে নিরাপদে হলে পৌঁছে দিয়েছি। তাঁর নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি।’

এ বিষয়ে জানতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাব্বির আহমেদের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। সাধারণ
সম্পাদক আপেল মাহমুদের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্যের ছেলের নিয়োগের প্রক্রিয়া আরও দুই মাস আগে শুরু হয়। নিয়োগ পাওয়ার চার দিন আগেই তাঁর নিয়োগ পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে সমালোচনা শুরু হয়। উপাচার্যের ছেলের নিয়োগের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব গত ৩০ জানুয়ারি ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ৩১ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা এহসান হাবীবের বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। পাশাপাশি উপাচার্যের ছেলের নিয়োগের প্রতিবাদ ও সমালোচনা করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৪ ফেব্রুয়ারি রাতে সিন্ডিকেট সভায় এহসান হাবীবকে সাময়িক বহিষ্কার করা হয়।

ইংরেজি বিভাগের শিক্ষক নিয়োগ কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান বলেন, নিয়ম মেনেই নছিউল ওয়াদুদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো স্বজনপ্রীতি করা হয়নি।

উপাচার্য মোহীত উল আলম বলেন, ‘ইংরেজি বিভাগের নিয়োগ পরীক্ষার কমিটিতে আমি ছিলাম না। আমার ছেলে নিয়োগের সব শর্ত পূরণ করেই নিয়োগ পেয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই।’ আগে থেকেই খবরটি জানাজানির বিষয়ে তিনি বলেন, এটা হয়তো কেউ আগে থেকেই জানিয়েছেন।