ছাত্রীকে উত্ত্যক্ত ও পিটুনি, নবীনগরে তরুণ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত এবং পিটিয়ে আহত করার অভিযোগে এক তরুণকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গত শনিবার পৌর এলাকার আলীয়াবাদ কাঁচাবাজারে সভা করেছে।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. শিমুল (২০)। তাঁর বাড়ি নবীনগর পূর্বপাড়ায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা গত শুক্রবার রাতে শিমুলসহ কয়েকজনকে আসামি করে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নবীনগর পূর্বপাড়া এলাকা থেকে প্রাইভেট পড়া শেষে রিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিল ওই ছাত্রী। রিকশাটি নবীনগর পৌরসভার কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছালে শিমুলসহ কয়েকজন বখাটে ওই ছাত্রীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে। ওই ছাত্রী এর প্রতিবাদ করায় শিমুল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তাকে (ছাত্রী) রিকশা থেকে রাস্তায় নামিয়ে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে তারা মেয়েটিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন মেয়েটির উদ্ধার করতে এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে মেয়েটির মা-বাবা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।