ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর, ছাত্রলীগ নেতা কারাগারে
সিরাজগঞ্জ সরকারি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় সাদ্দাম হোসেন (২২) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে গতকালবুধবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
সাদ্দাম সিরাজগঞ্জ পৌর শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচারবিষয়ক সম্পাদক।
জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ খলিদ সাইফুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, সাদ্দাম এর আগেও একাধিকবার কলেজের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন। এসব নিয়ে সালিস-বৈঠকও হয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, সাবেক ছাত্রনেতা সাদ্দামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী যে-ই হোক না কেন, শাস্তি পেতে হবে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএনসিসির সদস্য। গত মঙ্গলবার দুপুরে তিনি সংগঠনটির নির্ধারিত পোশাক পরে কলেজের চত্বরে কুচকাওয়াজে অংশ নেন। এ সময় সাদ্দাম তাঁকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। একপর্যায়ে এর প্রতিবাদ করলে সাদ্দাম তাঁকে প্রথমে চড়-থাপ্পড় ও পরে বেধড়ক মারধর করেন। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করেন। শিক্ষকেরা থানায় খবর দিলে বিকেলে পুলিশ কলেজ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতেই কলেজটির উপাধ্যক্ষ গোলাম মোস্তফা মামলা করেন।
কলেজটির অধ্যক্ষএস এম মনোয়ার হোসেন গতকাল বলেন, ‘আমরা ঘটনাটি জানার পর পুলিশ সুপার (এসপি) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করি। এরপর ওই বখাটেকে পুলিশ গ্রেপ্তার করে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সাদ্দামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।