রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার জেরে গত সোমবার সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পার্কের মোড়ে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আলী ওরফে রাজ ও যুগ্ম সম্পাদক তিতাস চন্দ্র রায়কে মারধর করে জখম করা হয়। তাঁরা দুজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দুজনের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ আলী বলেন, ‘একজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে উত্ত্যক্তকারীর হাত থেকে রক্ষা করতে আমরা উদ্যোগ নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থনে কয়েকজন শিক্ষার্থী আমাদের ওপর হামলা চালায়।’
উত্ত্যক্ত করার অভিযোগে কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রী উম্মে হাবিবা গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানায় ছয়জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে একটি মামলা করেছেন। মামলার অভিযুক্তরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাওন আহমেদ, একই বিভাগের আদনান আলী, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান, গণিত বিভাগের শামীম ও বাংলা বিভাগের আরিফুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, উম্মে হাবিবাকে শিক্ষার্থী শাওন আহমেদ প্রায়ই উত্ত্যক্ত করেন। একপর্যায়ে অ্যাসিড মারার হুমকিও দেওয়া হয়। বিষয়টি কয়েকজন ‘বড় ভাইকে’ (যাঁরা ছাত্রলীগের নেতা) জানানো হলে একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাঁদেরই মারধর করে।
এদিকে এই হামলা ও ছাত্রী উক্ত্যক্ত করার প্রতিবাদে মোহাম্মদ আলী ও তিতাস চন্দ্রের পক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। তাঁরা রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পর ছাত্রলীগের একটি পক্ষ পাল্টা বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনার সৃষ্টি হয়।
মামলায় অভিযুক্ত মোস্তফা মাহমুদ হাসান মুঠোফোনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রীকে দিয়ে মামলার ঘটনাটি সাজানো ঘটনা। এখানে যা কিছু ঘটছে তার সঙ্গে আমি জড়িত নই।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি পক্ষকেই শান্ত রাখতে চেষ্টা করেছি। এরপরও একটি পক্ষ আমার ওপর চড়াও হয়েছে। এ নিয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছি।’