ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্তকালীন সময়ে ওই শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা জারিসহ তাঁর এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুই বছর আগে ওই শিক্ষক উচ্চবিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। কয়েক মাস ধরে তিনি ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।
গত বৃহস্পতিবার মেয়েটি বিদ্যালয়ে গেলে ওই শিক্ষক রাতের বেলায় তাদের বাড়িতে যাবেন বলে জানিয়ে দেন। শুক্রবার রাতে মেয়েটির পড়ার ঘরের পেছনে গিয়ে উত্ত্যক্ত করলে মেয়েটি চিৎকার করে। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেন। শনিবার সকালে এলাকার লোকজন ওই শিক্ষকের বরখাস্তের দাবি জানিয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন।
মেয়েটির মা বলেন, ওই শিক্ষক বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেওয়াসহ নানাভাবে হয়রানি করেছেন।
তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত ও কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।