ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার উপজেলার রসুলপুর গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ওই তরুণের নাম রবিউল ইসলাম (২০)। তাঁর বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাস করে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। কলেজে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে ওই তরুণ ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। গত সোমবার সকাল ১০টায় ওই ছাত্রী জরুরি কাজে বাড়ির বাইরে এলে রবিউল তাঁকে উত্ত্যক্ত করেন। ঘটনাটি দেখার পর আশপাশের লোকজন সেখানে এগিয়ে আসেন এবং তাঁকে মারধর করেন। পরে তাঁরা ছাত্রীর পরিবার ও পুলিশকে খবর দেন। দুপুর ১২টায় মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে যান।

এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, সোমবার রাত ১০টায় ছাত্রীর বড় ভাই রকিবুল ইসলাম ওই তরুণকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার তদন্ত চলছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, গ্রেপ্তার হওয়া তরুণকে গতকাল বিকেলে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।