ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মারধর ছাত্রফ্রন্ট নেতাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রলীগের কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফজলে রাব্বি। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকায় রিমন শিকদার নামের এক কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে কলা অনুষদের ঝুপড়িতে বাংলা বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন রিমন শিকদার। রিমন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফজলে রাব্বি বিষয়টি দেখতে পেয়ে এর প্রতিবাদ করেন। কিছু সময় পর রিমন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী আরও ১০-১২ জন কর্মী ঝুপড়িতে এসে রাব্বিকে মারধর শুরু করেন। পরে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা রাব্বিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।
উত্ত্যক্তের শিকার ছাত্রীটি সাংবাদিকদের বলেন, রিমন দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে।
এ বিষয়ে ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ঝুপড়িতে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রিমন দলবল নিয়ে এসে তাঁকে মারধর শুরু করেন।
অভিযোগের বিষয়ে রিমন শিকদার দাবি করেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিছুদিন আগে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। এটি মীমাংসা করতে কথা বলার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ রাব্বি এসে বাধা দেওয়ায় একটু ঝামেলা হয়েছে।
ফজলে রাব্বিকে মারধর করার প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে মিছিলটি চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান।
এদিকে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমন শিকদারকে সংগঠনের সব কর্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ কোনো ধরনের অপকর্মকে প্রশ্রয় দেয় না। রিমনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাঁকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।