ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ বাবাকে মারধর
নওগাঁয় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
ছাত্রী অভিযোগ করে বলে, সে স্থানীয় এক মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। বাড়ি থেকে মাদ্রাসা যাওয়া-আসার পথে স্থানীয় আতিকুর রহমান (১৮) প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। গতকাল বেলা তিনটার দিকে সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় আতিকুর পথরোধ করে তার সঙ্গে খারাপ ব্যবহার করে। বাড়ি ফিরে বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। এ ঘটনা শোনার পর তার বাবা আতিকুরের পরিবারের কাছে অভিযোগ করেন। এ সময় আতিকুর ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শওকত হোসেন বলেন, আহত ব্যক্তির মাথায় তাৎক্ষণিকভাবে সাতটি সেলাই দেওয়া হয়েছে। ওই ছাত্রীর মা বলেন, বিকেলে মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আতিকুরের খারাপ আচরণের কথা বলে। এতে ওর বাবা ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে যান। বেশ কিছুক্ষণ পরে তিনি শোরগোলের শব্দ শুনে বাইরে দেখতে পান, আতিক ও তাঁর বন্ধু জুয়েল তাঁর স্বামীকে মারধর করছেন। তিনি এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান।
আতিকুরের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।