ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ক্লাস বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত রোববার এক ছাত্রকে মারধর করে বখাটেরা। ওই বখাটেদের শাস্তির দাবিতে গতকাল সোমবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মিছিল করে।
শিক্ষার্থীরা জানায়, অপু ও কিরণ নামের দুই বহিরাগত গত রোববার সকাল সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে এবং মুঠোফোনে ছবি তোলে। দশম শ্রেণির ছাত্র নাদিম মাহমুদ এর প্রতিবাদ করলে ওই দুজন তাকে মারধর করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেওয়াজ মো. হাবিব আহসান বলেন, ‘এ বিষয়ে গতকাল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় এলাকার লোকজন নিয়ে মীমাংসা বৈঠক করা হবে।’
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, উত্ত্যক্ত করার বিষয়ে পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি।