ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আজ শনিবার সাইফুল মিয়া (২৩) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামে। এ ছাড়া মদ পান করে মাতলামি করার কারণে আদালত ওয়াটসন (৩৫) নামে আরেক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার গাজীপুর চা-বাগান এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল বেশ কিছু দিন ধরে ভাটেরা উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করছিলেন। এ ব্যাপারে ওই ছাত্রী গতকাল শুক্রবার রাতে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে কলিমাবাদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে। আর ওয়াটসন শুক্রবার রাতে মাতাল অবস্থায় স্থানীয় লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করছিলেন। এতে লোকজন অতিষ্ঠ হয়ে তাঁকে আটক করে টহল পুলিশের কাছে সোপর্দ করে।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম তাহসিনা বেগম তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই যুবককে সাজা দেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বেলা দুইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে মৌলভীবাজার হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।