ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই ছাত্রকে পুলিশে সোপর্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রোববার দুই ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আটককৃত দুজন হচ্ছেন আশরাফ ও আসাদ। দুজনই ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আশরাফ বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠাতেন। আর আসাদ তাঁকে কয়েক দফা হুমকি-ধমকি দেন।
গতকাল তাঁদের বিরুদ্ধে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জানান। এর ভিত্তিতে দুপুরে তাঁদের প্রক্টর কার্যালয়ে ডেকে এনে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, একজন ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে প্রাথমিকভাবে তাঁদের থানায় দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।