নোয়াখালীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর করার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার সকালে জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ লোকজন সকাল সাড়ে নয়টা থেকে প্রায় আধা ঘণ্টা সোনাপুর-সোনাইমুড়ী সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বখাটের গ্রেপ্তার ও বিচার দাবি করে।
পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সোনাপুর এলাকা থেকে বখাটে মো. ইউছুফকে (২২) আটক করে। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ফয়সাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। সাজা ঘোষণা শেষে তাঁকে নোয়াখালী কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইউছুফ। গতকাল সকাল নয়টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে ইউছুফ তাকে উত্ত্যক্ত করেন। এ সময় ছাত্রীটি প্রতিবাদ করলে ইউছুফ তাকে মারধর করেন। একপর্যায়ে রাস্তার পাশের গাছের সঙ্গে আঘাত করে ছাত্রীটির মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ইউছুফকে লোকজন তখন ধরতে পারেননি।
পুলিশ সূত্র জানায়, ছাত্রীকে উত্ত্যক্ত করার খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বখাটে ইউছুফের বিচারের দাবিতে তাৎক্ষণিকভাবে সোনাইমুড়ী-সোনাপুর সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনকে শান্ত করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তাঁরা বখাটেকে গ্রেপ্তারের আশ্বাস দেন এবং পুলিশকে সহযোগিতা করতে বলেন। পরে পরিস্থিতি শান্ত হয়। পুলিশকে সহযোগিতা করায় দ্রুত বখাটেকে গ্রেপ্তার করা সম্ভব হয়।