ছাত্রীকে উত্ত্যক্ত, তিনজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে তিন যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা হলেন একরামুল হক, শহীদুল ইসলাম ও ফারহা আল হাসান। গতকাল মঙ্গলবার উপজেলার পশ্চিম আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের একরামুল হক। কিছুদিন আগে একরামুল ছাত্রীটিকে অপহরণের হুমকি দেয়। বিষয়টি তার অভিভাবকদের জানানো হলে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। মঙ্গলবার মাদ্রাসা ছুটি শেষে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় একরামুল তিন সহযোগীকে নিয়ে তার গতিরোধ করে। এ সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক করে। একজন পালিয়ে যায়। পরে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।