ছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় সোহাগ মিয়া (২৬) নামের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ শহিদুল্লাহ এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। রোববার সকালে ওই ছাত্রী তার মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় সোহাগ তাঁদের পথরোধ করে মায়ের সামনেই ওই ছাত্রীকে অশ্লীল কথা-বার্তা বলতে থাকেন। এ সময় ওই ছাত্রীর মা প্রতিবাদ করলে সোহাগ তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যান। বিষয়টি ওই ছাত্রীর মা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং বাদী হয়ে মনোহরদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে সোহাগকে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে আজ বিকেলে তাঁকে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় এর আগেও সোহাগের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তিনি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্ত্যক্তের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহাগ মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।