ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা, আহত ২
এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেছিল বখাটেরা। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন এক ব্যক্তি। এতে ক্ষুব্ধ হয়ে বখাটেরা হামলা চালিয়ে ওই ব্যক্তিসহ দুজনকে জখম করে। গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার সৈয়দ আহম্মেদ (৫৫) ও একই এলাকার মহিউদ্দিন আহমেদ (৫০)। তাঁদের মধ্যে সৈয়দ আহম্মেদের বাম হাতে গুলি লেগেছে এবং মহিউদ্দিন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাঁরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার দুপুরে রামপুর বাজার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ফেরার পথে রামপুর বাজার এলাকার রাজু ও নাইম আহমেদ উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে রাজু ও নাইম সৈয়দ আহম্মেদকে দেখে নেওয়ার হুমকি দেয়। সন্ধ্যা সাতটায় রাজু, নাইম, এমরানসহ ১০/১২ জন রামপুর বাজারে এসে সৈয়দ আহম্মেদসহ তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এতে দুজন আহত হন। এ বিষয়ে গতকাল রাতে কথা বলার জন্য এমরানের মুঠোফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও সে ফোন ধরেনি।
এই ঘটনায় সৈয়দ আহম্মেদের ছেলে আলাউদ্দিন গতকাল সন্ধ্যা সাতটায় ফরিদগঞ্জ থানায় রাজু, নাইম, এমরানসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাটি তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।