ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আইয়ুব শরীফ (২৫) নামের এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১০টার দিকে আদালতের নির্বাহী হাকিম ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের তাঁকে এ দণ্ড দেন।
আদালত সূত্র জানায়, মাদ্রাসায় যাওয়া–আসার পথে ওই শিক্ষার্থীকে আইয়ুব নানাভাবে উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে ছাত্রীর বাবা আজ সকালে নির্বাহী হাকিমের কাছে লিখিত অভিযোগ দেন। পরে আইয়ুবকে আটক করে দণ্ড দেওয়া হয়। আইয়ুব একজন ভ্যানচালক। তিনি আলফাডাঙ্গা সদরের জাঠিগ্রাম এলাকার বাসিন্দা।
ইউএনও আবুল খায়ের প্রথম আলোকে বলেন, আইয়ুবকে কারাগারে পাঠানো হয়েছে।