ছাত্রীকে চড়থাপ্পড়, শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদ্রাসাছাত্রীকে চড়থাপ্পড় মারায় আলমগীর হোসেন নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিভাবকদের আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নেয়।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ইসলামপুর গুনাইহাটি সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে গত শনিবার ইংরেজি বিষয়ের শিক্ষক আলমগীর হোসেন চড়থাপ্পড় মারেন। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তার মা তাকে বাড়িতে নিয়ে যান। পরদিন আরও অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
আলমগীর হোসেন বলেন, ‘ওই ছাত্রীকে কয়েকটি থাপ্পড় মেরেছি। আমার ভুল হয়েছে।’
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।